খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা পানছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি একটি পোস্টের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানিক্য পাড়ায় সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে তিনি গুলিবিদ্ধ হন। লটারি পরিচালনাকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সংগঠনটির পক্ষ। ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক সম্পাদক দাবি করেন, অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব নয়; কাজে যাওয়ার পথে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনাটি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু। তিনি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। চিকিৎসকের তথ্য অনুযায়ী, নীতি দত্ত চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

অন্যদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970