মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১২ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙে বিশ্বকাপের কনিষ্ঠ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠে এসেছেন তিনি।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই জালের দেখা পান ইয়ামাল। গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এর ফলে বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখান স্পেনের এই তরুণ ফুটবলার।

এর আগে এই অবস্থানে ছিলেন লিওনেল মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ের ম্যাচে প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন মেসি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।

মাত্র ১৪ দিনের ব্যবধানে মেসিকে পেছনে ফেলে এখন কনিষ্ঠ গোলদাতাদের তালিকায় এগিয়ে গেছেন ইয়ামাল। একই সঙ্গে স্পেনের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার স্বীকৃতিও পেয়েছেন তিনি।

স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ডটি রয়েছে গাভির দখলে। ২০২২ বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচে ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখনও ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই গোল করা একমাত্র ফুটবলারও তিনি।

এদিকে আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সৌদি আরবের ওপর আধিপত্য বিস্তার করে স্পেন। ইয়ামালের রেকর্ডগড়া গোলের পর মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970