৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম জয় পেল মিশর
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৮ এএম
বিশ্বকাপে অংশ নেওয়ার ৯২ বছর পর অবশেষে প্রথম জয়ের দেখা পেল মিশর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দেশটি।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে মোহাম্মদ সালাহর দল।
ম্যাচের শুরুটা অবশ্য মিশরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। পিছিয়ে পড়ার পর বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি মিশর।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এর ফলও পায় দ্রুত। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করে সমতা ফেরান মোস্তাফা জিকো।
সমতায় ফেরার মাত্র নয় মিনিট পরই ইতিহাসের পথে এগিয়ে যায় মিশর। ৬৭ মিনিটে দ্রুতগতির এক আক্রমণ থেকে মোস্তাফা জিকোর পাস পেয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান অধিনায়ক মোহাম্মদ সালাহ। তার গোলে প্রথমবারের মতো লিড নেয় আফ্রিকার প্রতিনিধিরা।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় মিশর। ৮২ মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন বদলি হিসেবে নামা ত্রেজেগে। তার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে মিশর শিবির। কারণ এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, বিশ্বকাপের দীর্ঘদিনের আক্ষেপও ঘুচিয়েছে। ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও নিজেদের প্রথম আট ম্যাচে কোনো জয় পায়নি দলটি। অবশেষে নবম ম্যাচে এসে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল মিশর।
এর আগে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছিল। ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সালাহরা।